৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘হাতের আঙুল এখনো ট্রিগারে’: যুদ্ধবিরতি নিয়ে ইরানের হুঁশিয়ারি

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ও আলোচনার প্রেক্ষাপটে কঠোর অবস্থান ব্যক্ত করেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনের প্রতি ‘চরম অবিশ্বাস’ নিয়েই তারা আলোচনায় বসছে।

বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই আলোচনা দুই সপ্তাহ চলবে এবং উভয় পক্ষের সম্মতিতে সময়সীমা বাড়ানো যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস বজায় রেখেই এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে তেহরান।

ইরানি জনগণের উদ্দেশ্যে পরিষদ জানায়, এই সময় জাতীয় ঐক্য ধরে রাখা এবং ‘বিজয়ের ধারা’ অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে তারা উল্লেখ করে, এই আলোচনা মূলত যুদ্ধেরই একটি ধারাবাহিকতা এবং তা ‘বিপ্লবী নেতৃত্ব’-এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার মাধ্যমে যদি শত্রুর আত্মসমর্পণ একটি চূড়ান্ত রাজনৈতিক অর্জনে রূপ নেয়, তবে তা ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে উদযাপন করা হবে। অন্যথায়, জাতীয় স্বার্থ পূরণ না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার কথাও জানানো হয়েছে।

এদিকে শত্রুপক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়ে পরিষদ বলেছে, ‘আমাদের হাতের আঙুল এখনো ট্রিগারে রয়েছে। শত্রুর সামান্যতম ভুল বা বিচ্যুতির জবাব পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে।’