৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী সোমবার (৬ এপ্রিল) এর মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এই সময়সীমা ঘোষণা করেন।

ট্রাম্প বলেন, এর আগে ইরানকে একটি চুক্তিতে আসা অথবা গুরুত্বপূর্ণ এই নৌপথটি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমার এখন মাত্র ৪৮ ঘণ্টা বাকি রয়েছে। নির্ধারিত সময় শেষ হওয়ার পরপরই ইরানের ওপর কঠোর আক্রমণ শুরু হবে বলেও সতর্ক করেন তিনি।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ট্রাম্প ইরানকে দেওয়া সময়সীমা বাড়িয়ে ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছিলেন। সেই অনুযায়ী সোমবারই চূড়ান্ত সময়সীমা।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থান বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্প তার পোস্টে ‘গ্লোরি বি টু গড’ শব্দবন্ধ ব্যবহার করে নিজের অনড় অবস্থান প্রকাশ করেন। হোয়াইট হাউস-এর এই আল্টিমেটাম আন্তর্জাতিক মহলে ব্যাপক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে ইরান তাদের অবস্থান পরিবর্তন না করলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা আরও তীব্র হতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান