৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আদালত

স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ জনকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করায় যুবক গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ জনকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করায় যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ফেসবুকে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে আপত্তিকর ছবি ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা মামুনকে নিজ এলাকা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম।

পুলিশ জানায়, মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ও আপত্তিকর ছবি পোস্ট করেন।

পরে বিষয়টি নজরে এলে পীরগঞ্জ উপজেলা মহিলা দলের এক নেত্রী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি আব্দুল হাকিম জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।