১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন প্রবাসী বাংলাদেশি

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশটির আল খারিজ শহরে এ ঘটনা ঘটে।

বুধবার (১৮ মার্চ) সকালে নিহতের বাবা মো. শহীদ সওদাগর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আব্দুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের বাসিন্দা। তিনি এক ছেলে সন্তানের জনক।

জানা গেছে, গত রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বিস্ফোরণে গুরুতর আহত হন মামুন।

পরে তাকে উদ্ধার করে আল খারিজ শহরের ডা. সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি সময় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের মামাতো ভাই শাওন মোড়ল জানান, “মিসাইল বিস্ফোরণে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মামুন। পরে রাতে তিনি মারা যান।”

আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।