সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫)-এর মরদেহ দেশে পৌঁছেছে। লাশ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সোমবার (৬ এপ্রিল) সকালে সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। সেখানে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
নিহত মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের শহীদ সওদাগরের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। প্রায় ১৫ বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে তিনি সৌদি আরবে পাড়ি জমান। সর্বশেষ পাঁচ বছর আগে দেশে এসেছিলেন। তার স্ত্রী শারমিন আক্তার (৩০) ও একমাত্র ছেলে মাহেদী শেখ (৬) রয়েছে।
জানা গেছে, গত ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন মামুন। পরে হাসপাতালে ভর্তি করা হলে ১৭ মার্চ রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামাতো ভাই শাওন মোড়ল জানান, মরদেহ গ্রামে পৌঁছানোর পর পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, মরদেহ বাড়িতে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়। পরে বিকেলে স্থানীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।