কারিগরি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকার মালয়েশিয়ান হাইকমিশন আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-ভিসার অফিসিয়াল ওয়েবসাইট malaysiavisa.imi.gov.my এর রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধ থাকবে। এর ফলে সব ধরনের নতুন ভিসা আবেদন গ্রহণ এবং বর্তমানে প্রক্রিয়াধীন থাকা ভিসার অনুমোদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
হাইকমিশন জানায়, সিস্টেমের উন্নয়ন কাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পুনরায় ই-ভিসা কার্যক্রম শুরু হবে। তবে এই সময়ের মধ্যে যদি কারো কোনো অত্যন্ত জরুরি সহায়তার প্রয়োজন হয়, তাহলে তারা সরাসরি ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
জরুরি ই-মেইল: [VLN-helpdesk@tridimas.com.my](mailto:VLN-helpdesk@tridimas.com.my)
উল্লেখ্য, সাময়িক অসুবিধার জন্য আবেদনকারীদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করে, দ্রুত সেবা চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে মালয়েশিয়ান হাইকমিশন।