সামনে কঠিন সময় আসছে বলে সতর্ক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে।
সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে—এসব সয়ে নিয়ে আমাদের এগোতে হবে।”
ধর্মীয় প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ এবং তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। “সৎভাবে জীবনযাপন ও হালাল উপার্জন ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব নয়,”—যোগ করেন তিনি।
তেল সংকট প্রসঙ্গে তিনি আরও বলেন, যুদ্ধের কারণে সরবরাহ কমে যাচ্ছে, তবে এ নিয়ে সহিংসতা বা পাম্প ভাঙচুর গ্রহণযোগ্য নয়। “আইনের বাইরে গিয়ে কোনো ধরনের মব সৃষ্টি হলে তা কঠোরভাবে দমন করা হবে,”—হুঁশিয়ারি দেন তিনি।
কৃষি খাত নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গম ও আলুর ক্ষতি হয়েছে, যা কৃষকদের জন্য বড় ধাক্কা। তবে সরকার কৃষকদের সহায়তায় ঋণ মওকুফসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দেশের লাখো নারীকে সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।