৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের নির্যাতনের ঘটনায় জামায়াতে ইসলামীর নিন্দা

রাজধানীর শাহবাগ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গতকাল শুক্রবার শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার জাতিসংঘের অধীনে সম্পন্ন করার দাবিতে যমুনার সামনে আন্দোলন করছিল ইনকিলাব মঞ্চ। এ সময় পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষের সৃষ্টি হয়।

ওই পরিস্থিতিতে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। কিন্তু দায়িত্ব পালনের সময় পুলিশের অতি উৎসাহী কয়েকজন সদস্য সাংবাদিকদের ওপর চড়াও হয়ে মারধর করেন।

তিনি বলেন, পুলিশের হামলায় কালের কণ্ঠ, আরটিএনএন, যুগান্তর, মাইটিভি ও জাগরণ নিউজসহ বিভিন্ন গণমাধ্যমের অন্তত ১৫ জন সাংবাদিক আহত হন, যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অধিকারে বিশ্বাসী।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য একজন মাল্টিমিডিয়া সাংবাদিককে পায়ে লাথি মেরে ফেলে দেন, যা উদ্দেশ্যপ্রণোদিত ও অমানবিক আচরণেরই বহিঃপ্রকাশ।

পুলিশ সদস্যদের এ ধরনের অপেশাদার, অনাকাঙ্ক্ষিত আচরণ এবং অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি ঘটনার সঙ্গে জড়িত দায়ী পুলিশ সদস্যদের জবাবদিহির আওতায় এনে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।