৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান। তাই সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে এবং সেটি সাংবিধানিক প্রক্রিয়ার অংশ।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই এই সংসদকে স্মরণীয় করে রাখতে। এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণ করতে জাতীয় সংসদকে আরও শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ডেপুটি স্পিকার নির্বাচনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তবে সরকার উদারতা দেখিয়ে সে সুযোগ দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উদারতার সঙ্গে বিষয়টি গ্রহণ করবে।