২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদে কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন, যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ হবে জাতির দর্পণ জানিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয় সংসদ হলো জাতির দর্পণ। এখানে কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন, কেউ গুম হওয়া থেকে, কেউ কারাগারে দীর্ঘ জীবন কাটিয়ে মজলুম হয়ে এসেছেন। এমন সংসদ বিশ্বের বুকে বিরল।

আজ রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে তিনি এসব কথা বলেন।

১৩ দিনের বিরতি শেষে এদিন বিকেল ৩টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শুরুতেই তিনি সংসদের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়ে সংসদে আসতে পারায় তিনি গর্বিত। তিনি নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) নির্বাচিত জনগণের সমর্থনের জন্যও কৃতজ্ঞতা জানান।

ডেপুটি স্পিকার দেশের স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধ ও শহীদদের আত্মত্যাগের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধিতে ভূষিত হয়েছেন।

তিনি জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্রের দ্বার উন্মুক্ত করেছে। জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি।

ডেপুটি স্পিকার শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধসহ সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যারা অন্ধত্ব ও পঙ্গুত্বে কষ্টকর জীবনযাপন করছেন, তাদের প্রতি আমার সমবেদনা।