২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিখন ঘাটতি পূরণে শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

রমজান মাসজুড়ে ছুটি ঘোষণার কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে টানা ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) পাঠদান চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রমজানের ছুটি শেষে বিদ্যালয়ে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবার শিক্ষাদান কার্যক্রম চালু থাকবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এ নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, অতিরিক্ত এসব ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানে ধারাবাহিকতা ফিরিয়ে আনা এবং শিখন ঘাটতি অনেকটাই পূরণ করা সম্ভব হবে।