৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শপিংমল, দোকানপাট ও বিপণি বিতানের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রতিষ্ঠান এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত।

তিনি বলেন, এর আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে তা পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এখন থেকে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ করতে হবে।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, তারেক রহমান দেশের তিন মাসের জ্বালানি চাহিদা মেটাতে প্রয়োজনীয় তেল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, এপ্রিল মাসের জ্বালানি চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়া প্রায় তিন মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।

জ্বালানি আমদানির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নতুন কিছু উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী তিন মাসের চাহিদা মেটানোর মতো আমদানি প্রক্রিয়া চলছে।

রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ‘স্যাংশন ওয়েভার’ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছে।