মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কার্যক্রমকে ‘নির্লজ্জ ও নৃশংস অপরাধ’ হিসেবে অভিহিত করে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি বলেন, এই দুই দেশের বাহিনী সরাসরি যুদ্ধে অক্ষম, এবং সাধারণ মানুষকে ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করছে।
ডিফাপ্রেস-এর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে, শেকারচি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশসমূহ এবং মুসলিম জনগোষ্ঠীর কাছে আহ্বান জানিয়েছেন সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করার জন্য, যাতে ইরান নিখুঁতভাবে শত্রুর গোপন আস্তানায় আঘাত হানতে পারে এবং বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরাসরি যুদ্ধের সক্ষমতা হারিয়ে এই দুই দেশের সামরিক বাহিনী এখন নারী ও শিশুদের হত্যা করে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। খুব শীঘ্রই ইরান তাদের ওপর প্রাণঘাতী ও ধ্বংসাত্মক আঘাত হানবে। সাধারণ জনগণকে জিম্মি করে যারা যুদ্ধ পরিচালনা করছে, তাদের জন্য ইরান ‘ক্রাশিং ব্লো’ সংরক্ষণ করেছে।”
শেকারচির এই বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন ধরনের সামরিক ও কূটনৈতিক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।