১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

র‍্যাব বিলুপ্তির দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি

নয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তি ও মানবাধিকার সংস্কারের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছে।
সোমবার (১৬ মার্চ) হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপিজে, সিভিকাসসহ মোট নয়টি সংগঠন যৌথভাবে এ চিঠি পাঠায়। একই চিঠি আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও দেওয়া হয়েছে।

তারা চিঠিতে উল্লেখ করেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। যদিও কিছুটা উন্নতি হয়েছে, তবে রাজনৈতিক আটক, সাংবাদিকদের ওপর চাপ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক সংস্থার ওপর হামলা এখনও বন্ধ হয়নি।

সংস্থাগুলো রোহিঙ্গা শরণার্থীদের অধিকারের সুরক্ষা, শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন এবং মানবাধিকার সংক্রান্ত নীতিগত ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে। তারা এই সময়কে দীর্ঘমেয়াদি সংস্কারের সুযোগ হিসেবে উল্লেখ করেছে।