রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিদায়ী অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে (বর্তমানে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী) গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। এজন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে জামায়াত।
তবে তিনি অভিযোগ করেন, কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষ ভূমিকা না রেখে বিএনপির পক্ষে কাজ করেছেন। তার দাবি, বিভিন্ন আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সামান্য ভোটের ব্যবধান দেখিয়ে পরাজিত দেখানো হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের স্বার্থে জামায়াত নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে কয়েকজন উপদেষ্টার বক্তব্যে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর বিষয় সামনে আসছে, যা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।
তিনি বলেন, জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম এলাকা ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।