২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাতভর তাণ্ডব চালিয়ে ৭২ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের

আফগান তালেবানের বিরুদ্ধে ‘অপারেশন গাজাব লিল-হক’ নামে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তের অপর প্রান্ত থেকে ‘উসকানিমূলক গুলি’ ছোড়ার জবাব হিসেবেই এই অভিযান শুরু করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়ার চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররম ও বাজাউর সেক্টরের বিভিন্ন এলাকায় আফগান তালেবান বাহিনী গুলি চালায় বলে ইসলামাবাদ দাবি করেছে।

চলমান সংঘর্ষে পাকিস্তানের দুই নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাল্টা অভিযানে আফগান তালেবানের ৭২ জন যোদ্ধা নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের নানগারহার প্রদেশে একটি গোলাবারুদ গুদাম ধ্বংস করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাবুলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, আফগান দিক থেকে হামলার পর পাল্টা আঘাতের অনুমোদন দেওয়া হয় এবং একাধিক ধাপে তা বাস্তবায়ন করা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ‘মোট ৭২ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ১২০ জনের বেশি আহত হয়েছে। ১৬টি পোস্ট ধ্বংস করা হয়েছে এবং সাতটি পোস্ট দখলে নেওয়া হয়েছে।’

এ ছাড়া একটি বড় গোলাবারুদ ডিপো, একটি ব্যাটালিয়ন সদরদপ্তর ও একটি সেক্টর সদরদপ্তর ধ্বংসের দাবিও করেন তিনি। পাকিস্তানের দাবি, ৩৬টির বেশি ট্যাংক, কামান ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে পাকিস্তান প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আরও পাল্টা হামলা চালানো হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় জনগণ ও সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, দেশের শান্তি ও নিরাপত্তা নষ্টের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

শাহবাজ শরীফ বলেন, ‘আমাদের বাহিনী যেকোনো আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা গুঁড়িয়ে দিতে সক্ষম। মাতৃভূমির প্রতিরক্ষায় কোনো আপস করা হবে না এবং প্রতিটি আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।’

পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারারও প্রধানমন্ত্রীর মুখপাত্রের দেওয়া তথ্য পুনরুল্লেখ করে জানান, অভিযান চলমান রয়েছে এবং প্রতিটি আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।