১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রমজানে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা ইশরাক হোসেনের

রমজানকে কেন্দ্র করে খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ও মূল্যস্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত বড় সিন্ডিকেট, মজুতদার ও পাইকারদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনও বড় নেতা, মন্ত্রী , সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই। সকল মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সাধারণ নিম্নআয়ের মানুষ ঠিক মতো খেতে না পারলে, এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। কথা দিলাম ইনশাআল্লাহ ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, “আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে অভিযান শুরু হবে। প্রয়োজনে এই কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। কোনো বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তার প্রভাব খাটিয়ে কেউ পার পাবে না।”

তিনি আরও বলেন, “সাধারণ নিম্নআয়ের মানুষ যদি ঠিকমতো খাবার না পায়, তাহলে যারা কৃত্রিম সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা আপসহীন।”

তার এই বক্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও ব্যবসায়ী মহলে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়।