১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

যে সময়ে ওমরাহ করার পরামর্শ দিলো সৌদি সরকার

রমজানের শেষ দশকে মক্কার গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনকারীদের অতিরিক্ত ভিড় এড়াতে নির্দিষ্ট কিছু সময় মেনে চলার পরামর্শ দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, পবিত্র রমজানের শেষ দিনগুলোতে মুসল্লিদের উপস্থিতি অনেক বেড়ে যায়। তাই নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ব্যস্ততম সময়গুলো এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিকেল ৪টা থেকে রাত ১০টা এবং ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত সময়কে সবচেয়ে বেশি ভিড়ের সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব সময় ওমরাহ পালন করতে গেলে মুসল্লিদের বাড়তি ভোগান্তির আশঙ্কা থাকে।

অন্যদিকে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সময়কে তুলনামূলকভাবে কম ভিড় এবং সবচেয়ে স্বাচ্ছন্দ্যের সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত মাঝারি ধরনের ভিড় থাকে বলে জানানো হয়েছে।

ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকায় উন্নত নিরাপত্তা প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানুষের চলাচল পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে এসব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে রমজানের শেষ দিনগুলোতে ওমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীও প্রস্তুতি জোরদার করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো ওমরাহ পালনকারীরা যেন নিরাপদ, সুশৃঙ্খল এবং তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন।