২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

যারা যাকাত দেন, তারা পাক্কা ঈমানদার : ধর্ম উপদেষ্টা

বাংলাদেশের বহু মানুষ যাকাত দেন না, এতে করে তাদের ঈমান নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন।

তিনি বলেছেন, একেবারে কোরআন ও হাদিস টেনেটস অফ ইসলাম অনুসারে যারা যাকাত দেন না ও মানেন না তারা বিশ্বাসী নয়, তেমনি মোনাফেক। আর যারা দেন তারা পাক্কা ঈমানদার।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত চতুর্দশ যাকাত ফেয়ার–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা জানান, সরকারের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে একটি যাকাত বোর্ড রয়েছে, তবে সেটিকে এখনও কাঙ্ক্ষিতভাবে শক্তিশালী করা যায়নি। বর্তমানে সেখানে প্রায় ১১ কোটি টাকা যাকাত সংগ্রহ করা হয়।

তিনি বলেন, এই ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংগৃহীত অর্থের ৮০ শতাংশ স্থানীয় পর্যায়ে বিতরণ করা হয় এবং বাকি ২০ শতাংশ কেন্দ্রীয়ভাবে ব্যয় করা হয়। তবে আহরণের পরিমাণ তুলনামূলকভাবে কম, সে দিক থেকে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) প্রায় দশ গুণ এগিয়ে।

তিনি আরও বলেন, দেশে অনেক ধনী ব্যক্তি সঠিক হিসাব অনুযায়ী যাকাত না দিয়ে এককালীন একটি অঙ্ক দান করে দায় সেরে ফেলেন। অথচ যাকাত আদায় না করার পরিণতি অত্যন্ত ভয়াবহ, যা অনেকেই উপলব্ধি করেন না। এ বিষয়ে আল্লাহর কাছে প্রত্যেককে জবাবদিহি করতে হবে বলেও তিনি সতর্ক করেন।