মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের ঈদ পুনর্মিলনী ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) লিসবনের হ্যালো পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলার প্রবাসীরা স্বপরিবারে অংশগ্রহণ করেন।
প্রবাসে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দিনব্যাপী এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম, যা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শাহাদাত শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানা তসলিম উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের উপদেষ্টা রনি হোসাইন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ এবং সহ-সভাপতি আমিরুল ইসলাম নয়ন।
এ আয়োজনে মুন্সীগঞ্জের শতাধিক প্রবাসী পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন এবং আনন্দঘন পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করেন।