১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মির্জা আব্বাসের প্রশ্ন: পাটওয়ারী কীভাবে এত ভোট পেল?

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রাপ্ত ভোট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। প্রতিপক্ষের জনসমর্থন নেই উল্লেখ করে তিনি বলেন, এত ভোট কীভাবে এসেছে, সেটিই তার প্রশ্ন। এ সময় তিনি নির্বাচনে “ইঞ্জিনিয়ারিং” হওয়ার অভিযোগও করেন। তবে সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, রায় ঐতিহাসিক হয়েছে। পাশাপাশি তিনি ঢাকা-৮ আসনে বাতিল ব্যালট পুনরায় যুক্ত করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন বলেও জানান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, “আমি যেটা বললাম, ওরা ইঞ্জিনিয়ারিং করেছে। এটা খুব ভয়ংকর। কারণ, এদের কোনো ভোট নেই। এত ভোট এখানে পেল কীভাবে? আমি সেই বিষয়টিই চিন্তা করে দেখলাম।”

তিনি বলেন, “ফলাফলে আমি আনন্দিত, দেশবাসীও আনন্দিত। সবাই ভোট দিয়েছেন। এই রায়টা ঐতিহাসিক হয়েছে। আমরা আশা করছি, জনগণ এই রায়ের প্রতিফলন পাবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমার ভালো লাগছে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গেও রাজনীতি করেছি।”

ভোট বাতিলের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, “এই আসনে যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে, তা ঠিক হয়নি। এটি অন্যায় হয়েছে।” তিনি জানান, “এই বাতিল হওয়া ভোটগুলো পুনরায় যুক্ত করার জন্য আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করেছি।”