ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে মার্কিন সামরিক সহায়তা ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইউরোপের দুই প্রভাবশালী দেশ ফ্রান্স ও স্পেন।
তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে ব্যবহারের উদ্দেশ্যে মার্কিন অস্ত্র ও যুদ্ধবিমান পরিবহনের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি প্যারিস ও মাদ্রিদ। বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুটি সূত্র এবং একজন পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, গত সপ্তাহে ইসরাইল আকাশসীমা ব্যবহারের অনুরোধ জানালেও ফ্রান্স তা প্রত্যাখ্যান করে। ইরান সংঘাত শুরুর পর ফ্রান্সের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়ার ঘটনা এটিই প্রথম।
অন্যদিকে, স্পেনের অবস্থান আরও কঠোর। ইরানের ভূখণ্ডে হামলায় অংশ নেওয়া মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে দেশটি। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবলেস ফার্নান্দেজ নিশ্চিত করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে তারা কোনোভাবেই নিজেদের যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না।
স্পেনের শীর্ষস্থানীয় দৈনিক এল পাইস সর্বপ্রথম এই সংবাদটি প্রকাশ করে।
বিশ্লেষকদের মতে, ইরান-ইসরাইল সংঘাত ঘিরে ইউরোপের দেশগুলোর এই অবস্থান ভূ-রাজনৈতিক ক্ষেত্রে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। মার্কিন সামরিক সরঞ্জাম পরিবহন ও আকাশসীমা ব্যবহারের বিষয়ে ইউরোপের সতর্কতা চলমান পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।