৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মামলা দিয়ে পাটওয়ারীদের মুখ বন্ধ করা যাবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, আবারও আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মামলা দিয়ে পাটওয়ারীদের মুখ বন্ধ করা যাবে না। এক পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে।

রবিবার (০৮ মার্চ) বরিশালের হালিমা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টির বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপিকে আওয়ামী লীগের মতো করে দেখতে চাই না। বিএনপি ফ্যাসিবাদবিরোধী দল। গণঅভ্যুত্থানে বিএনপি নেতাকর্মীরা রাজপথে ছিল। তবে যদি বিএনপি রক্তের সঙ্গে বেঈমানি করে, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের আশ্রয় দেয়, তাহলে আমাদের রাজপথে প্রতিরোধ ছাড়া উপায় থাকবে না।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে আমাদের অনেক প্রার্থীকে হারানো হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে আমরা তা মেনে নিয়েছি। তবে স্থানীয় সরকার নির্বাচনে কোনো কারচুপি মেনে নেওয়া হবে না।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এবং সেখানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের বরিশাল বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।