৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মাত্র সাড়ে পাঁচ মাসে পবিত্র কুরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের

মেধা ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ১০ বছর বয়সী শিশু জুবায়ের আহম্মেদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের দারুস সুন্নাহ মুজাহিদিয়া লাভরাপাড়া কাওমি মাদ্রাসা ও এতিমখানার এই ছাত্র মাত্র সাড়ে ৫ মাসে (৫ মাস ১৭ দিন) পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে জুবায়েরের এই অভাবনীয় সাফল্যকে উদযাপন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

জুবায়ের আহম্মেদ নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। নাজেরানা শেষ করে কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে সে এই মাদ্রাসায় ভর্তি হয়েছিল।

তার বড় ভাই হাফেজ মোহাম্মদ নুরে আলম বলেন, আমার ভাই ছোটবেলা থেকেই অনেক মেধাবী। আল্লাহর অশেষ মেহেরবানি ও শিক্ষকদের নিবিড় সহযোগিতায় সে এত অল্প সময়ে হাফেজ হতে পেরেছে। সে যেন আগামীতে একজন বড় আলেম হতে পারে, সেজন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।

নিজের এই অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে জুবায়ের বলে, আমার শিক্ষকরা আমাকে অনেক সহায়তা করেছেন। আমিও দিন-রাত পরিশ্রম করেছি। সবার দোয়ায় এত দ্রুত হিফজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতী মামুনুর রশীদ রোমানী জানান, মাদ্রাসার ২০০ জন শিক্ষার্থীর মধ্যে জুবায়েরের এই অর্জন সবাইকে অনুপ্রাণিত করেছে।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আফজাল হোসেন আওলাদ, ডেবনেয়ার গ্রুপের পরিচালক পরিচালক আকিবুল খান, ভূলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, মাদ্রাসার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাকির খন্দকার, ইলিয়াস বেপারী প্রমুখ।