১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে বুধবার

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন তৃণমূলের নেতা ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।

মঙ্গলবার এক বক্তব্যে বেলডাঙ্গার বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির জানান, সকাল ১০টায় কোরআন তেলাওয়াত শুরু হবে। প্রায় এক হাজার ২০০ জন মাওলানা, মুফতি ও হাফেজের অংশগ্রহণে তেলাওয়াত শেষে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে মসজিদ নির্মাণকাজ শুরু করা হবে। তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

হুমায়ুন কবির বলেন, আমার জীবন শেষ হয়ে গেলেও এই মসজিদ নির্মাণ বন্ধ হবে না। আমি বাবরি মসজিদ নির্মাণ করব বলেছি এবং করবই। বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই।

জানা গেছে, বাবরি মসজিদ নির্মাণের জন্য ইতোমধ্যে প্রকৌশলী ও নির্মাণশ্রমিকরা মুর্শিদাবাদে এসে পৌঁছেছেন। নির্মাণকাজকে কেন্দ্র করে বেলডাঙ্গা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে মসজিদ নির্মাণ শুরুর পরদিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নদীয়া জেলার পলাশী থেকে ২৩৫ কিলোমিটার দীর্ঘ ‘বাবরি যাত্রা’ শুরু করবেন হুমায়ুন কবির। এই যাত্রা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উত্তর দিনাজপুর জেলার ইটাহারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

তবে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্ব হিন্দু রক্ষা কমিটি মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে মসজিদ নির্মাণের বিরোধিতা করে ঘোষণা দিয়েছে, তারা এই নির্মাণ হতে দেবে না।

এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, হিন্দুদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি কারও বিরুদ্ধে নই। তবে কেউ যদি বাবরি মসজিদ ভাঙার চেষ্টা করে, তাহলে আমরা তার বিরুদ্ধে আইনি পথে যাব।

তিনি আরও বলেন, এটা উত্তরপ্রদেশ বা বিহার নয়, এটা মুর্শিদাবাদ। আমার মসজিদ নির্মাণের অধিকার আছে। সুপ্রিম কোর্টও মসজিদ নির্মাণে নিষেধাজ্ঞা দেয়নি। আমি এই মসজিদ বানিয়ে দেখাব।