বিগত দিনের মতো নদী ও খাল কোনোভাবেই দখল হতে না পারে—এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) সকালে পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, এখন যে কাজটা (খাল খনন কর্মসূচি) শুরু করেছি, এটা কিন্তু আমরা শক্তভাবে এবং স্ব স্ব এলাকার জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়ন করার চেষ্টা করছি। বিগত দিনের মতো কেউ যেন আর খাল, নদী, জলাশয় দখল করে আবার ভরাট করতে না পারে। এর জন্য আজ প্রধানমন্ত্রী আমাদেরকে স্টেটমেন্ট দিলেন, আমাদেরকে দিক নির্দেশনা দিলেন। মন্ত্রীসহ আমরা সেটা ধারণ করলাম।
তিনি আরও বলেন, আমাদের মন্ত্রণালয় থেকে স্ব স্ব জেলার জেলা প্রশাসক এবং আমাদের পানিসম্পদ মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন, তাদেরকে দিয়ে আমরা মনিটরিং সেল করবো, যার মধ্য দিয়ে শক্ত হাতে আমরা এটা নিয়ন্ত্রণ করবো।
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, চলতি মাসেই ফেনী ও ঝিনাইদহে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিএনপির অঙ্গীকার অনুযায়ী ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া তিস্তা ব্যারেজ নির্মাণ এবং ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান মন্ত্রী।
বৈঠকে পানিসম্পদমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।