৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্তমান সংবিধান পুরোপুরি বাতিল করার কোনো সুযোগ নেই: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বর্তমান সংবিধান পুরোপুরি বাতিল করার কোনো সুযোগ নেই। তবে সবার সঙ্গে আলোচনা করে এতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

সোমবার (৬ এপ্রিল) সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমস তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধনের পদ্ধতি এবং কার্যকর সংসদ গঠনে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

চিফ হুইপ বলেন, গণতান্ত্রিক ধারাকে সঠিক পথে রাখতে সংবিধান সংশোধনের বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, বিগত সরকার ব্যক্তি স্বার্থে সংবিধানের বিভিন্ন স্থানে পরিবর্তন এনেছিল, যা জনগণের স্বার্থে পুনর্বিন্যাস করা প্রয়োজন।

তিনি আরও বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সরকার সব দলের মতামতের ভিত্তিতে সংবিধানে পরিবর্তন আনতে চায়। “সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই, কারণ আমাদের কাছে সবার আগে বাংলাদেশ,”—বলেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে নূরুল ইসলাম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ বিষয়ে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়ন করা হবে। তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সবার সঙ্গে আলোচনা করা হবে।

সংসদে বিরোধী দলের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজনৈতিক সৌহার্দ্য ও গণতান্ত্রিক পরিবেশ জোরদারে কাজ করছেন। বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাব এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টনে ইতিবাচক মনোভাব সরকারের রয়েছে।

এ সময় স্টুয়ার্ট জেমস বর্তমান সরকারের বিভিন্ন জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।