পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পর্তুগাল শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) লিসবনের বেনফরমেসো রোডের একটি রেস্টুরেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি পর্তুগাল শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুল হক এবং সঞ্চালনা করেন এম এ হাকিম মিনহাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর লায়লা মুনতাজেরী দীনা এবং দূতাবাস ইনচার্জ এস এম গোলাম সরোয়ার।
এ সময় বিএনপি নেতা সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, সুজন ভূইয়া, নিজামুর রহমান টিপুসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে আমন্ত্রিত অতিথি, নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।