২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসী আয়ে নতুন রেকর্ড, ২৮ দিনে এলো ৩৩৩ কোটি ২০ লাখ ডলার

চলতি মার্চ মাসের ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩৩৩ কোটি ২০ লাখ ডলার, যা আগের সব রেকর্ড ভেঙেছে। গত বছরের মার্চ মাসে একই সময়ে প্রায় ৩৩০ কোটি ডলার এসেছে, যা এই বছরের তুলনায় ৩.৮ শতাংশ কম।

রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চের শেষ চার দিনে (২৫-২৮ মার্চ) দেশে এসেছে ২৪০ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছর জুলাই ২০২৫ থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৫.৭৮ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ২১.৬৯ বিলিয়ন ডলারের তুলনায় ১৮.৮ শতাংশ বেশি।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের এই অবদান বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে, পাশাপাশি দেশের অভ্যন্তরীণ অর্থনীতি, ব্যাংকিং খাত, ভোক্তা খরচ ও বিনিয়োগ ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলছে। তারা মনে করছেন, রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক বাণিজ্যকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করবে।