আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় প্রথমবারের মতো দেশব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি শুরু করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। তিন দিনব্যাপী এই কর্মসূচিতে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ২৬ লাখ শিশুকে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছে দেশটির দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার (১২ এপ্রিল) আরিয়ানা নিউজসহ আফগানিস্তানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য পাওয়া যায়।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পোলিও ভাইরাসের বিস্তার ঠেকাতে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ঠান্ডা আবহাওয়ার কারণে দাইকুন্দি ও বামিয়ান প্রদেশে এই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। আর ঘোর প্রদেশে এক সপ্তাহ পরে এই কার্যক্রম পরিচালিত হবে।
জনস্বাস্থ্য মন্ত্রী নূর জালাল জালালি জানিয়েছেন, আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে মিলেই তারা পোলিও নির্মূলে কাজ চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে এই রোগ সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি ধর্মীয় নেতা, সমাজের প্রভাবশালী ব্যক্তি এবং পরিবারগুলোকে টিকাদান কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, পোলিও একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যার কোনো চিকিৎসা নেই। শুধু টিকার মাধ্যমেই এটি প্রতিরোধ করা সম্ভব। এই রোগে আক্রান্ত হলে শিশুর স্থায়ী পক্ষাঘাত এমনকি মৃত্যুও হতে পারে।
এই কর্মসূচির সময় দেশজুড়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করবেন, এবং পরিবারগুলোকে পাঁচ বছরের নিচের শিশুদের নির্ধারিত টিকাকেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।