ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, “যদি কাবুলে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়, ইসলামাবাদও নিরাপদ থাকবে না। কাবুলে আক্রমণ করা হলে ইসলামাবাদেও আক্রমণ হবে। তারা যেন ভুলেও না ভাবে, কাবুলে মানুষ হত্যা বা নিরাপত্তা ব্যাহত করার পরও ইসলামাবাদে শান্তি বজায় থাকবে।”
তিনি জনান, “চলমান উত্তেজনার পরও কূটনীতির দরজা খোলা আছে। যদি পাকিস্তান সত্যিকার অর্থে সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়, আমরা সংলাপের জন্য প্রস্তুত।”
তোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মোল্লা ইয়াকুব মুজাহিদ বলেন, আফগান সরকার সবসময় পাকিস্তানের সঙ্গে সমস্ত বিবাদ আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছে।
তিনি বলেন, “আমরা সর্বদা কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দিই। তবে পাকিস্তান এই নীতির প্রতি আনুগত্য করেনি।”
তিনি আরও বলেন, “পাকিস্তান চায় কল্পিত ডুরান্ড সীমান্তকে সীমান্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। এটি একটি ঐতিহাসিক সমস্যা, যা বর্তমান সরকার বা পূর্ববর্তী কোনো সরকার সমাধান করতে পারেনি। যেহেতু এই সমস্যা এখনও সমাধান হয়নি, এটি উত্তেজনা বৃদ্ধির কারণ হওয়া উচিত নয়।”
আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, সৌদি আরবের মধ্যস্থতায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আলোচনার সময় একটি সম্ভাব্য চুক্তি নিয়ে কাজ করা হয়েছে। তবে কিছু বিষয়ে মতভেদের কারণে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।