৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীরা দেশে ফিরতে পারবেন: প্রবাসীমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে। পরিস্থিতি আরও খারাপ হলে প্রবাসীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রস্তুতি নিয়েছে।

রোববার সন্ধ্যায় মন্ত্রী মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এর আগে বিকেলে মন্ত্রী সিলেট থেকে মৌলভীবাজারে এসে জেলা সার্কিট হাউসে পৌছে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। পরে কবর জিয়ারতের সময় মোনাজাতে অংশ নেন।

মন্ত্রী বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে অনেক প্রবাসী চাকরি হারিয়েছেন এবং বিভিন্ন অফিস-আদালত বন্ধ। তাই তাদের খাদ্য ও মৌলিক প্রয়োজন নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হলে দেশে ফেরানো কার্যক্রম কার্যকর হবে, তবে বর্তমানে বিমান চলাচলের রুট বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে প্রত্যেককে দেশে আনা সম্ভব নয়।

ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করার জন্য ছয়টি টিম গঠন করা হয়েছে, যা বিভিন্ন শিল্পাঞ্চলে গিয়ে মালিকদের সঙ্গে বৈঠক করবে। পরে মন্ত্রী শ্রীমঙ্গলের শেখবাড়ি মাদরাসা পরিদর্শন ও বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।