৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমেই নেবেন।

রোববার (৮ মার্চ) এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন বলে টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছেন, এই যুদ্ধ সমাপ্তির বিষয়টি একটি যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এবং তিনি ও নেতানিয়াহু এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। ট্রাম্পের মতে, পরিস্থিতি বিবেচনায় নিয়ে সঠিক সময়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সাক্ষাৎকারে ট্রাম্প এক দাবি করেন, তিনি এবং নেতানিয়াহু যদি নেতৃত্বে না থাকতেন, তবে ইরান এতক্ষণে ইসরাইলকে ধ্বংস করে দিত। তিনি বলেন, ইরান ইসরাইল এবং এর চারপাশের সবকিছু ধ্বংস করতে চেয়েছিল।

তিনি বলেন, আমরা একসঙ্গে কাজ করেছি এবং এমন একটি দেশকে ধ্বংস করেছি যারা ইসরাইলকে মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল।’

ট্রাম্পের এই মন্তব্য থেকে স্পষ্ট, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত ঐক্য কতটা সুগভীর। তিনি মনে করেন, তাঁদের যৌথ পদক্ষেপের কারণেই ইরান এখন অস্তিত্ব সংকটে পড়েছে।

ইরান যুদ্ধের সমাপ্তি কি কেবল ট্রাম্পের একক সিদ্ধান্তে হবে নাকি নেতানিয়াহুরও সেখানে সমান ভূমিকা থাকবে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটি অনেকটা যৌথ সিদ্ধান্তের মতোই হবে। আমরা এ নিয়ে আলোচনা করছি। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব ধরনের বাস্তবতা বিবেচনায় রাখা হবে।’

আমেরিকা যদি কোনো কারণে আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে ইসরােইল এককভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি না, এমন সম্ভাবনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ট্রাম্প। তবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে যোগ করেছেন, এ ধরনের কোনো পরিস্থিতির প্রয়োজন পড়বে বলে তিনি মনে করেন না।

সূত্র: দ্য গার্ডিয়ান