ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।
বিবৃতিতে বিপ্লবী গার্ড উল্লেখ করেছে, তারা সরাসরি ইহুদিবাদী শাসকগোষ্ঠীর প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ডিং সদরদপ্তরকে লক্ষ্যবস্তু করেছে।
বিবৃতিতে আরও জানানো হয়, এই সুনির্দিষ্ট হামলায় ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি-র তথ্যমতে, আইআরজিসি এই অভিযানকে ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে একটি সরাসরি পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।
তবে এই হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।