নির্বাচনের দিন মাওলানা মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছেন বালে দাবি করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
তিনি বলেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছেন। হামলায় শতাধিক নেতাকর্মী হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং এখনো বেশ কয়েকজন ভর্তি আছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে এসে এ কথা জানান তিনি।
ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুর, আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। আর বিএনপি সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেবে না।
তিনি বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ায় আমার এলাকার পুলিশদের শক্তিশালী করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। আদাবর বা মোহাম্মদপুর এলাকায় চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি স্থাপন, বসিলাতে পুলিশ ক্যাম্প, পুলিশ বক্স ২০টি এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানো হবে।