৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মির্জা ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়ায় আয়োজিত মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় সেনাসদস্যরা পরামর্শ চাইলে খালেদা জিয়া তাদের অস্ত্র সমর্পণ না করার আহ্বান জানান। পরে দুই শিশুপুত্রকে নিয়ে ঢাকায় যাওয়ার পর পাকিস্তানি বাহিনী তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে কোনো এক ব্যক্তির নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়নি। সে সময় শেখ মুজিবুর রহমান বন্দী অবস্থায় পাকিস্তানে ছিলেন। ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর হামলার পর তৎকালীন মেজর ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, তেলিয়াপাড়া থেকেই মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। তৎকালীন মেজর জিয়াউর রহমানের পরিকল্পনা এবং মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কর্নেল এম এ জি ওসমানী-এর নেতৃত্বে যুদ্ধ শুরু হলেও আওয়ামী লীগ তাকে যথাযথ মূল্যায়ন করেনি বলেও দাবি করেন তিনি।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে এবং সদস্যসচিব হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।