জুলাই গণঅভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর বিকেলে কারামুক্ত হয়েছেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার।
তিনি জানান, কারাগারে জামিননামা পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।
এর আগে গত ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই জুলাই আন্দোলনের সময়কার আশরাফুল হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে।
তবে রোববার দুপুরে জামিন মঞ্জুর হওয়ার পর আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানান, অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই।
২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি শিরীন শারমিনকে।
গ্রেপ্তারের পর পুলিশ তার দুদিনের রিমান্ড আবেদন করলেও আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর এলাকায় আন্দোলন চলাকালে হামলার ঘটনায় আশরাফুল ওরফে ফাহিম আহত হন। এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১৫-১২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলার ৩ নম্বর আসামি শিরীন শারমিন চৌধুরী।