৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ডোনাল্ড ট্রাম্প দাবি, ইরান ‘আত্মসমর্পণ করেছে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছে এবং কার্যত ‘আত্মসমর্পণ করেছে’। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, আজ ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প জানিয়েছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের দিকে কোনো হামলা করবে না। তিনি আরও বলেছেন, “এই প্রতিশ্রুতি কেবলমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম হামলার কারণে দেওয়া হয়েছে।”

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে তিনি সতর্ক করেছেন—যদি ওই দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর কোনো হামলা হয়, তাহলে পরিস্থিতি ভিন্ন হবে।

এরপরই ইরানের বিপ্লবী গার্ড (IRGC) এক বিবৃতিতে সতর্ক করে জানায়, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটি ও স্বার্থকে প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

অন্যদিকে ট্রাম্প আরও সতর্কবার্তা দিয়ে বলেছেন, “ইরানের খারাপ আচরণের কারণে কিছু এলাকা ও গোষ্ঠী এখন সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর মুখে পড়তে পারে, যেগুলো এখন পর্যন্ত লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনায় ছিল না।”

সূত্র: আল জাজিরা