ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটকের ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত সাজানো নাটক’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে জুবায়ের বলেন, সৈয়দপুর বিমানবন্দরের মতো জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী একটি সাধারণ নাটক মঞ্চস্থ করেছে। বেলাল উদ্দিনের কাছে ব্যবসায়িক কাজের জন্য টাকা ছিল, যা সম্পূর্ণ বৈধ।
তিনি আরও অভিযোগ করেন, এর আগে মেহেরপুরেও জামায়াতের জনসভার সরঞ্জাম দিয়ে অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে।