১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাম্পের হাস্যকর কর্মকাণ্ডের জন্য হরমুজ প্রণালি খোলা হবে না: ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক মন্তব্যের জবাবে কড়া অবস্থান নিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি তাদের “দৃঢ় ও পূর্ণ নিয়ন্ত্রণে” রয়েছে এবং ট্রাম্পের “হাস্যকর কর্মকাণ্ডের” কারণে এটি শত্রুদের জন্য খোলা হবে না।

বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তবে তিনি শর্ত দেন, হরমুজ প্রণালি “খোলা, নিরাপদ ও স্বাভাবিক” না হলে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধবিরতি বিবেচনা করবে না।

যদিও ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির অনুরোধের বিষয়টি নিশ্চিত করা হয়নি। বরং ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস-এর সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, গুরুত্বপূর্ণ এই প্রণালি নিয়ে তেহরানের পক্ষ থেকে আপসের কোনো ইঙ্গিত নেই।