২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু

আঞ্চলিক ভূ-রাজনৈতিক অস্থিরতা ও বিশ্ববাজারের অর্থনৈতিক চাপ মোকাবিলায় ব্যয় সংকোচনের পথে হাঁটল মালয়েশিয়া। আগামী ১৫ এপ্রিল থেকে দেশটির সব সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাসা থেকে দাপ্তরিক কাজ করার নীতি চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার (১ এপ্রিল) রাতে এক বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই সিদ্ধান্ত দেশের সব মন্ত্রণালয়, সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর ওপর কার্যকর হবে।

মূলত জ্বালানি খরচ কমানো এবং বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সরকার।

দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, “বর্তমান পরিস্থিতিতে কোনো প্রকার অপচয় বা সম্পদের প্রদর্শন কাম্য নয়। সাধারণ জনগণের ওপর যেন বাড়তি চাপ সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সরকারি ব্যয় কমিয়ে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা হচ্ছে।”

এ সময় তিনি কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের জীবনমান বিবেচনায় নিয়ে বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার অনুরোধ জানান।

সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে জ্বালানি তেলের ক্ষেত্রেও বিশেষ সুবিধা ঘোষণা করেছে। ‘বুদি মাদানি ৯৫’ প্রকল্পের আওতায় তেলের কোটা সাময়িকভাবে বাড়িয়ে মাসিক ২০০ লিটার করা হয়েছে, যা বুধবার থেকেই কার্যকর হয়েছে।