৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াতও হাঁটছে আওয়ামী লীগের পথে : আবদুস সালাম

আওয়ামী লীগ বিগত ১৭ বছরে যে পথে হেঁটেছে, জামায়াতে ইসলামীও সেই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

আব্দুস সালাম বলেন, ‘বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে। তারেক রহমানের দেশে ফেরা ও জনগণ তাকে বরণ করা প্রমাণ করেছে দেশের মানুষ তাকে কতটা ভালবাসে।’

‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনে জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই’‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনে জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই’

নতুন সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খেলোয়াড়দের সম্মাননা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান বলেছিলেন টাকা কোনো ব্যাপার না, শুধু দুর্নীতিটা বন্ধ করতে হবে। তারেক রহমানও সেই একই পথে হাঁটছেন।’

অভিযোগ করে আব্দুস সালাম বলেন, ‘তবে আওয়ামী লীগ যে পথে হেঁটেছে জামায়াতও সেই পথে হাঁটছে। ১৭ বছরে দেশটাকে আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারেক রহমানের কারণে পারেনি। রাজনীতি দিয়ে আমরা আওয়ামী লীগকে মোকাবিলা করেছি। রাজনীতি দিয়েই জামায়াতকেও মোকাবিলা করব।’