২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

সরকার চতুর্থ শ্রেণি থেকে উচ্চপর্যায়ের শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই ঘোষণা দেন।

চট্টগ্রাম-১৬ আসনের এমপি জাহিদুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এই উদ্যোগ ক্ষমতাসীন দলের নির্বাচনি ইশতেহারের অংশ। প্রাথমিকভাবে সাতটি খেলার মাধ্যমে কর্মসূচি শুরু হবে, তবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন খেলা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চাই। এতে শিশুদের ডিজিটাল ডিভাইসের ওপর নির্ভরতা কমবে এবং মাঠপর্যায়ের শারীরিক কর্মকাণ্ডে উৎসাহ বাড়বে।”

তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলবে।