৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের হালিশহরে এক বৌদ্ধ ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ

চট্টগ্রামের হালিশহরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পিয়াল বড়ুয়া নামের এক বৌদ্ধ ধর্মাবলম্বী।

মারকাযুর রাশাদ মাদরাসার পরিচালক ও আই-ব্লক জামে মসজিদ খ্যাত বাইতুল মোশাররফ জামে মসজিদের খতিব মুফতী ওসমান সাদেক তাকে শাহাদাহ পাঠ করান।

এই প্রসঙ্গে তিনি বলেন, “পিয়াল বড়ুয়া নামের এক বৌদ্ধ ভাই গত ১৮ ফেব্রুয়ারি, বুধবার আমাদের প্রতিষ্ঠানে এসে ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। আমরাও তার আগ্রহের প্রতি শ্রদ্ধা জানাই এবং শাহাদাহ পাঠ করিয়ে আরো কাছে টেনে নিই।”

কোনো রকমের জোরজবরদস্তি করা হয়েছে কি না এই প্রসঙ্গে বলেন, “তিনি ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। তাকে কোনো রকমের জোরজবরদস্তি করা হয়নি। তবে হ্যাঁ, তাকে ইসলামের শান্তির ছায়া খুঁজে পেতে সহায়তা করেছে আমাদের প্রতিষ্ঠানের একটি দাওয়াহ টিম।”

এই বিশিষ্ট দাঈ আরো বলেন, “এটি নতুন কিছু নয়। এখানকার হিন্দু ও বৌদ্ধ ধর্মের ভাইয়েরা এর আগেও ইসলামের প্রতি মুগ্ধ হয়ে একে ধর্ম হিসেবে গ্রহণ করেছেন। মারকাযুর রাশাদ মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে এর দাওয়াহ টিমও এতে সহায়ক ভূমিকা পালন করে আসছে।”

এছাড়া পিয়াল বড়ুয়ার ইসলাম গ্রহণের প্রত্যয়ন পত্রে দেখা যায়, তিনি গত ১৮ ফেব্রুয়ারি ইসলাম গ্রহণের পর ইসলামি নাম ধারণ করেছেন। বর্তমানে তিনি তাহমিদ হাসান চৌধুরী নামে পরিচিত।