ডুরান্ড লাইন অতিক্রম করায় পাকিস্তানি বাহিনীর ওপর হামলা পাল্টা হামলা চালিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সেনারা। সেই সাথে গত গত ২৪ ঘণ্টায় পাল্টা অভিযানের সময় আফগান বাহিনী পাকিস্তানের ১২টি সামরিক পোস্ট ও ঘাঁটি ধ্বংস করেছে। এতে ৪১ জন পাকিস্তানি সেনা নিহত এবং আরও ৫৩ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, গত একদিন ও রাত ধরে ডুরান্ড লাইনের বিভিন্ন এলাকায় এবং পূর্ব ও দক্ষিণের কয়েকটি প্রদেশে এসব অভিযান চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে কান্দাহার, নাঙ্গারহার, কুনার, নুরিস্তান, খোস্ত, পাকতিয়া এবং পাক্তিকা প্রদেশ।
মন্ত্রণালয়টি আরও জানায়, বৃহস্পতিবার সকাল প্রায় ৮টার দিকে পাকিস্তানের বেলুস্তানের কাচলাগ এলাকায় আফগান বিমান ইউনিট একটি বিমান হামলা চালায়। এতে পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের একটি কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করা হয়; যাকে “গাজাবান্দ” জেনারেল কমান্ড কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় কমান্ড অফিস ও সেনাদের ব্যারাকে আঘাত লাগে। এতে ফ্রন্টিয়ার কর্পসের বহু সদস্য নিহত বা আহত হয়েছেন এবং স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে হতাহতের এ তথ্য স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মন্ত্রণালয় আরও জানায়, সংঘর্ষ চলাকালে আফগান বিমান প্রতিরক্ষা ইউনিট পাকিস্তানের তিনটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে।
এই লড়াইয়ে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তিনজন সদস্য নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন বলেও জানিছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র : আরিয়ানা নিউজ