৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

ক্ষমতায় গেলে শিক্ষিত চোরেরা জনগণের একটা পয়সাও চুরি করতে পারবে না: জামায়াত আমীর

ক্ষমতায় গেলে শিক্ষিত চোরেরা জনগণের একটা পয়সাও চুরি করতে পারবে না: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “জামায়াত যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে শিক্ষিত চোরেরা জনগণের একটি পয়সাও চুরি করে খেতে পারবে না। আর যারা জনগণের ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের পেটে হাত ঢুকিয়ে জনগণের সম্পদ বের করে আনা হবে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি অপরাধ ও অন্যায় সংঘটিত হয়েছে সাতক্ষীরায়। দেশের আর কোনো জেলায় এমন পরিস্থিতি তৈরি করা হয়নি। বুলডোজার দিয়ে আমাদের নেতাকর্মীদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। ৪৮ জনকে হত্যা করা হয়েছে, অনেকের হাত-পা কেটে দেওয়া হয়েছে। তারা কি কোনো অপরাধ করেছিল?

তিনি বলেন, “২০১৫ সালে আমি সাতক্ষীরায় এসেছিলাম। মোটরসাইকেলে ঘুরে ঘুরে পরিস্থিতি দেখার চেষ্টা করেছিলাম। সেদিন আমি বেড়াতে আসিনি। এসেছিলাম দ্বীনদার ও ঈমানদার ৪৮ জন শহীদের পরিবারের খোঁজ নিতে, তাদের পাশে দাঁড়াতে। যেসব মা ও বোনদের বিধবা করা হয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলাম। যেসব শিশু বাবাকে হারিয়ে অন্ধকারে পড়ে গিয়েছিল—যারা চেয়ে চেয়ে দেখছিল, ‘আমাদের বাবা আর আসে না কেন’—তাদের চোখের পানি মুছতে এসেছিলাম।”