বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি ও পটুয়াখালী-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর।
তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়।
এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে আরও ২৩ জন শপথ নিয়েছেন। নতুন প্রতিমন্ত্রীরা হলেন- এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং নুরুল হক নুর।
এসময় নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও।
গণঅভ্যুত্থানে আওয়ামী সরকার পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে গঠিত হলো এই সরকার।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী হন নুরুল হক নুর।
ট্রাক প্রতীকে ৭৩ হাজার ৯৩৪টি ভোট পেয়ে নির্বাচিত হন নুর। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে ৪৭ হাজার ৯৫০টি পেয়েছেন।
এর আগে আওয়ামী লীগের আমলে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচনায় এসেছিল নুরুল হক নুর। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নির্বাচনে ছাত্রলীগ সভাপতিকে হারিয়ে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছিলেন তিনি।