২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান-এর সঙ্গে ‘সমঝোতা’য় পৌঁছাতে চেয়েছিল পাকিস্তান সরকার। এ উদ্দেশ্যে দু’দফা প্রস্তাবও পাঠানো হয় তার কাছে।

তবে প্রস্তাবে সাড়া দেননি ইমরান খান। বরং দুইবারই সরকারের পাঠানো ‘দূত’কে ফিরিয়ে দেন তিনি, স্পষ্ট করে জানান—সমঝোতার পথে হাঁটার কোনো ইচ্ছা তার নেই।

এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘনিষ্ঠ এবং রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) একটি অনুষ্ঠানে ইমরান খান প্রসঙ্গে এ কথা বলেন সানাউল্লাহ।

এ বিষয়ে পাকিস্তান সরকারের মন্ত্রী আত্তাউল্লাহ তারার জানিয়েছেন, ইমরান খানের সঙ্গে কোনও চুক্তি করা হচ্ছে না। সরকার তার পক্ষপাতীও নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘কোনও চুক্তি বা সমঝোতার প্রস্তাব ইমরান খানকে দেওয়া হচ্ছে না। সরকার তাকে ছাড় দিচ্ছে, এই ধরনের যে কোনও খবর সম্পূর্ণ ভুয়া। তিনি অপরাধী। তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।’

বুধবার সানাউল্লাহ বলেন, ‘ইমরান খানের সমস্যার একটি রাজনৈতিক সমাধান চাই আমরা। কিন্তু উনি সেটা চাইছেন না। উনার সঙ্গে সমঝোতা করার চেষ্টা হয়েছিল দু’বার। সেগুলি ব্যর্থ হয়েছে।’’

ইমরান খানের কাছে পাকিস্তান সরকারের প্রস্তাব নিয়ে কারা গিয়েছিলেন, তা জানিয়ে সানাউল্লাহ বলেন, মহসিন নকভি এবং খাইবার পাখতুনখোয়ার তৎকালীন মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর ২০২৪ সালের ২৬ নভেম্বর প্রথম বার চেষ্টা করেছিলেন। দ্বিতীয় চেষ্টাটি কিছু দিন আগে করেন কয়েক জন বিদেশি। ইমরান প্রাথমিক ভাবে প্রস্তাবে রাজি হলেও পরে চুক্তি থেকে সরে আসেন।’

সানাউল্লাহ দাবি করেন, পাকিস্তানের বর্তমান সরকারকে গদিচ্যুত করে ফের প্রধানমন্ত্রী হতে চান ইমরান। সেই কারণেই সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।