১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

এবার আনুষ্ঠানিকভাবে সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করল আফগান সরকার

এবার আনুষ্ঠানিকভাবে সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করল আফগান সরকার

এবার আনুষ্ঠানিকভাবে সকল ব্যাংকে সুদভিত্তিক (রিবা) ব্যবস্থা বন্ধের ঘোষণা দিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। এর মাধ্যমে আমেরিকার দখলদারিত্বের সময় বহু বছর ধরে চলা একটি অধ্যায়ের অবসান ঘটল। একই সঙ্গে এর পরিবর্তে চালু করা হয়েছে একটি পূর্ণাঙ্গ ইসলামি আর্থিক ব্যবস্থা।

রোববার (১২ এপ্রিল) আফগান গণমাধ্যম হুররিয়াত রেডিওর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংকের জন্যই এই সিদ্ধান্ত প্রযোজ্য। শরিয়তসম্মত নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতকে পুনর্গঠনের একটি সামগ্রিক উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে আফগানিস্তান ব্যাংকের ব্যাংকিং ও আর্থিক সেবা বিভাগের প্রধান ড. লুতফুল্লাহ খায়েরখাহ বলেন, সব বাণিজ্যিক ব্যাংক থেকে সুদভিত্তিক ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।

তিনি জানান, দ্রুতগতিতে কাজ চলছে, যাতে সব ধরনের ব্যাংকিং লেনদেন ইসলামি আর্থিক ব্যবস্থার আওতায় আনা যায়।

এই পদক্ষেপ আফগান অর্থনীতির কাঠামোয় একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। আশা করা হচ্ছে, নতুন এই ব্যবস্থা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে, ব্যাংকিং খাতে আস্থা বাড়াবে এবং ইসলামি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিত্তির ওপর অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করবে।

সূত্র: হুরিয়াত রেডিও