১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এখন নকলের মডেল পরিবর্তন হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহাছানুল হক মিলন বলেছেন, সময়ের সঙ্গে নকলের ধরন বদলে গেছে এবং বর্তমানে এটি ডিজিটাল রূপ নিয়েছে।

রোববার (১২ এপ্রিল) ঢাকা অঞ্চলের আওতাধীন কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং একসময় নকল প্রায় নির্মূল করা সম্ভব হয়েছিল। তবে তা আবার নতুনভাবে ফিরে আসবে—এমনটি তার ধারণায় ছিল না।

তিনি বলেন, আগে শিক্ষার্থীরা শিক্ষকদের সামনে নকল করার সাহস পেত না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। নকলের ধরন পরিবর্তিত হয়ে ডিজিটাল হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু ক্ষেত্রে শিক্ষকরাও এতে সহযোগিতা করছেন, এমনকি খাতায় উত্তর লিখে দেওয়ার মতো ঘটনাও ঘটছে।

শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা নতুন অবস্থায় শেখার জন্য আসে, তাই তাদের মান উন্নয়নের দায়িত্ব মূলত শিক্ষকদের। শিক্ষকরা যদি সঠিকভাবে পাঠদান করেন, তবে শিক্ষার্থীরা নকলের দিকে ঝুঁকবে না।

তিনি আরও বলেন, বর্তমানে অভিভাবকরা বাধ্য হয়ে সন্তানদের একাধিক প্রাইভেট শিক্ষক ও কোচিং সেন্টারে পাঠাচ্ছেন। এতে স্কুল ও কোচিং সেন্টারের মধ্যে পার্থক্য ক্রমশ কমে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী নকল প্রতিরোধে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।